
বালকে চিৎমরম ইসলামিয়া, বালিকায় কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চিৎমরম ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর আয়োজনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় বালিকা বিভাগে চংড়াছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২–১ গোলে হারিয়ে কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিরোপা জিতে নেয়। পরের খেলায় বালক বিভাগে বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪–১ গোলে পরাজিত করে চিৎমরম ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি একরাম হোসেন, সহ-সভাপতি নুরুল আবসার বাবুল, কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী ইলিয়াস হোসেন, সাবেক প্রধান শিক্ষক ইউসুফ মিয়া, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলাগুলো পরিচালনা করেন শিক্ষক আবু বক্কর ছিদ্দিক সোহেল, উসাইমং মারমা, দেবানন্দ বড়ুয়া এবং মো. ইসমাইল হোসেন।





