রাইখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন সেলিম বাপ্পা

কাপ্তাই প্রতিনিধি:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন মো. সেলিম বাপ্পা।
কাপ্তাই উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বাছাই-সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মো. সেলিম বাপ্পা বলেন, চূড়ান্তভাবে মনোনীত হলে তিনি রাইখালী ইউনিয়নের সর্বস্তরের মানুষের সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে চান। নির্বাচিত হলে ইউনিয়নের জনগণের সেবা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি আরও জানান, রাইখালী ইউনিয়নকে একটি আধুনিক, জনবান্ধব ও মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে চান। এ ক্ষেত্রে দলীয় নেতাকর্মীসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। জনগণের সেবা, ন্যায়বিচার, উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে রাইখালী ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে চান এই মনোনয়নপ্রত্যাশী। এখন দলীয় চূড়ান্ত মনোনয়ন ও নির্বাচনী প্রক্রিয়ার পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তিনি।