
রিয়াজ উদ্দিন আকাশঃ
কৃষি মন্ত্রণালয়ের Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER) প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাপ্তাই উপজেলা কার্যালয়ের আয়োজনে উপজেলা হর্টিকালচার সেন্টারের হলরুমে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, এনজিও প্রতিনিধি, পার্টনার ফিল্ড স্কুলের কৃষক-কৃষাণীসহ শতাধিক কৃষক অংশ নেন। রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর উপপরিচালক মো. মনিরাজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিল্ড কংগ্রেসের উদ্বোধন করেন। তিনি বলেন, উদ্যোক্তাদের পাশাপাশি সকলকে কৃষিখাতে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে কৃষিতে টেকসই উন্নয়ন ও উৎপাদন বিপ্লব সম্ভব হয়। তিনি আরও বলেন, কৃষক কার্ড বিতরণসহ সরকারের বিভিন্ন উদ্যোগ প্রান্তিক কৃষকদের জন্য সুফল বয়ে আনছে। কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীবের সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা বাপ্পা মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক অরুণ চন্দ্র রায়, উপজেলা উদ্যানতত্ত্ববিদ রাকিব জোবায়ের, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং উপজেলা সমবায় কর্মকর্তা হিমেল কান্তি দে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা থোয়াইনু চিং মারমা। অনুষ্ঠানে কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন কৃষক আশীষ কুমার তনচংগ্যা।





