প্রকল্পে অনিয়ম বরদাস্ত নয়, কঠোর মনিটরিংয়ের নির্দেশ পার্বত্য মন্ত্রীর

রাঙামাটি প্রতিনিধি:

উন্নয়নের নামে প্রকল্প গ্রহণ করে অর্থ অপচয়ের কোনো সুযোগ নেই বলে কঠোর বার্তা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেছেন, “শুধু প্রকল্প নিলেই উন্নয়ন হয় না; প্রয়োজনভিত্তিক পরিকল্পনা, স্বচ্ছতা ও কার্যকর মনিটরিং নিশ্চিত করতে হবে। প্রকল্পের নামে কোনো ধরনের অর্থ অপচয় সহ্য করা হবে না।”
মঙ্গলবার দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জেলা পরিষদের কর্মকাণ্ডের মাধ্যমেই জেলার সামগ্রিক উন্নয়নের চিত্র প্রতিফলিত হয়। তাই সেবার আড়ালে অনিয়ম বা অব্যবস্থাপনার সুযোগ নেই। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নসহ প্রতিটি খাতে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সমন্বয়হীনতা দূর করে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, সময়োপযোগী পরিকল্পনা ও বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত পর্যালোচনা জরুরি। এতে জনগণের আস্থা যেমন বাড়বে, তেমনি টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। সভায় বক্তারা কাপ্তাই লেক-এর মৎস্যসম্পদ উন্নয়ন, ইকো-ট্যুরিজম সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে মন্ত্রীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদ সদস্য হাবিব আজম, মিনহাজ মুরশিদ, নাইউপ্রু মারমা জেরি ও দয়াল দাশসহ পরিষদের অন্যান্য সদস্য ও কর্মকর্তারা। এর আগে মন্ত্রী সভাস্থলে পৌঁছালে জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।