জেলা পরিষদ সদস্য পদে উথোয়াই মং মারমাকে চায় কাপ্তাইয়ের তৃণমূল

দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক অভিজ্ঞতা ও তৃণমূলভিত্তিক জনপ্রিয়তায় আলোচনার কেন্দ্রে বিএনপি নেতা
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন সদস্য পদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে কাপ্তাই উপজেলায় তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের পক্ষ থেকে কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মারমা ঐক্য পরিষদের সভাপতি উথোয়াই মং মারমাকে মনোনীত করার দাবি জোরালো হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত উথোয়াই মং মারমা প্রায় ১৭ বছর রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও সক্রিয়ভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ, দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং রাজনৈতিক সংকটকালে সহযোদ্ধাদের পাশে থাকার কারণে তিনি স্থানীয়ভাবে আস্থাভাজন নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। দলীয় নেতাকর্মীদের অভিযোগ, তৎকালীন ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটে। তবে এসব প্রতিকূলতার মধ্যেও তিনি সংগঠনকে শক্তিশালী করতে মাঠপর্যায়ে সক্রিয় ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দীপেন দেওয়ান–এর নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাহাড়ি-বাঙালি সম্প্রীতির প্রশ্নে উথোয়াই মং মারমা একজন গ্রহণযোগ্য মুখ। তার সাদামাটা জীবনযাপন, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও কর্মীবান্ধব আচরণ কাপ্তাইয়ের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। এ বিষয়ে উথোয়াই মং মারমা বলেন, দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আমাকে দায়িত্ব প্রদান করে, তাহলে কাপ্তাইয়ের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেবো। দুর্গম এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে মানোন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টি আমার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, জেলা পরিষদকে একটি কার্যকর ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করেই কাপ্তাইকে একটি আধুনিক ও উন্নত উপজেলায় রূপান্তর করা সম্ভব। তৃণমূল নেতাকর্মীদের বিশ্বাস, সাংগঠনিক অভিজ্ঞতা ও দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে উথোয়াই মং মারমা জেলা পরিষদের দায়িত্ব পেলে কাপ্তাইয়ের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে।