কাপ্তাই সীতাঘাট মন্দিরে ১৭ মার্চ মহাবারুণী স্নান, ২০৩২ সালে প্রথমবার মাসব্যাপী ঋষি কুম্ভমেলা

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলার সীতাঘাটে অবস্থিত শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দিরে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে আগামী ১৭ মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত হবে মহাবারুণী স্নান। এছাড়া প্রথমবারের মতো মাতা সীতা দেবী মন্দির পরিচালনা কমিটির আয়োজনে ২০৩২ সালে মাসব্যাপী ঋষি কুম্ভমেলা অনুষ্ঠিত হবে। শিব চতুর্দশী তিথি থেকে শুরু হয়ে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে এর পূর্ণাহুতি হবে বলে জানান মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোর্তিময়ানন্দ পুরী মহারাজ। মহাবারুণী স্নান ও ২০৩২ সালের ঋষি কুম্ভমেলাকে সামনে রেখে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মাতা সীতা মন্দিরের নাটমন্দিরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে মন্দির পরিচালনা কমিটির সদস্যদের পাশাপাশি কাপ্তাই উপজেলার বিভিন্ন মঠ-মন্দিরের প্রতিনিধি ও ভক্তরা উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমলেন্দু বিকাশ দাশ। সভায় বক্তব্য দেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোর্তিময়ানন্দ পুরী মহারাজ, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি কর্তৃক মনোনীত কাপ্তাই উপজেলা প্রতিনিধি ঝুলন দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাপ্তাই উপজেলার সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য, কেপিএম কয়লার ডিপু প্রকল্প হরি মন্দির পরিচালনা কমিটির কার্যকরী সভাপতি রতন কুমার মল্লিক, ঊর্ধ্বতন সভাপতি প্রিয়তোষ চৌধুরী, সাধারণ সম্পাদক রূপক কান্তি মল্লিক, অর্থ সম্পাদক আশুতোষ মল্লিক, সীতাঘাট মন্দির পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক সজল মল্লিক, অর্থ সম্পাদক সুমন দত্ত, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের মহিলা সম্পাদক শিপ্রা লোধ, লগগেইট জয়কালী মন্দির মহোৎসব পরিচালনা কমিটির সভাপতি ডা. কল্যাণ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দীপংকর দেবনাথ এবং কাপ্তাই প্রজেক্ট ব্রিকফিল্ড কর্ণফুলী সার্বজনীন মাতৃ মন্দিরের সভাপতি জনার্ধন দাশ।