
রাঙ্গামাটি প্রতিনিধি:
শিব চতুর্দ্দশী উপলক্ষে পাহাড়ি শহর রাঙামাটিতে অনুষ্ঠিত হলো অষ্টপ্রহরব্যাপী ৪২তম মহোৎসব–২০২৬। ধর্মীয় আবহ, ভক্তিমূলক সঙ্গীত ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রিজার্ভ বাজারের নতুন পাহাড় প্রাঙ্গণে মহোৎসবের উদ্বোধন ঘোষণা করা হয়। আয়োজন করে শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির পরিচালনা কমিটি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাউজান, নোয়াপাড়া ও ভুল্লাপাড়া থেকে আগত শ্রীশ্রী রাধামুকুন্দ সেবাকুঞ্জ–এর শ্রী ঠাকুর নরোত্তম দাস বাবাজী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ–এর সদস্য বাবু দয়াল দাশ। গেস্ট অব অনার ছিলেন জেলা পরিষদ সদস্য মোঃ হাবীব আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি শ্রী শ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ–এর সাধারণ সম্পাদক বাবু স্বপন কান্তি, আম জনতা দল রাঙ্গামাটি জেলা–এর সভাপতি সুশীল জীবন চাকমা এবং নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জেসিকা ইশরাতসহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু রাসেল দাশ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বাবু হৃদয় দাশ। বক্তারা বলেন, শিব চতুর্দ্দশী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান। এই তিথি আত্মশুদ্ধি, ভক্তি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক অনন্য উপলক্ষ। অষ্টপ্রহরব্যাপী এই মহোৎসব কেবল পূজা-অর্চনায় সীমাবদ্ধ নয়; এটি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়, যা সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা বহন করে। আলোচনা সভা শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ভক্তিমূলক গান ও পরিবেশনায় মুখর হয়ে ওঠে প্রাঙ্গণ। পরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করা হয়।
ধর্মীয় উৎসবের পাশাপাশি মানবসেবার এই উদ্যোগ রাঙামাটিতে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।





