২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত শিক্ষাপঞ্জি প্রকাশ: বছরে ৬৭ দিন ছুটি, আজ থেকে টানা ৩৬ দিন বন্ধ বিদ্যালয়

বিশেষ প্রতিনিধিঃ

সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি সংশোধন করে প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন তালিকা অনুযায়ী, শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি ব্যতিরেকে বছরে মোট ৬৭ দিন ছুটি থাকবে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ৩৬ দিন বিদ্যালয় বন্ধ থাকবে, যা আজ থেকেই কার্যকর হয়েছে। এছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১০ দিন এবং বছরের শেষে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ৮ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উৎসব ও জাতীয় দিবসে নির্ধারিত দিবসে ছুটি থাকবে। প্রজ্ঞাপনে পরীক্ষার সম্ভাব্য সময়সূচিও ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী, অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৮ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে। নির্বাচনী পরীক্ষা ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর এবং বার্ষিক পরীক্ষা ১৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া জুনিয়র বৃত্তি পরীক্ষা ১৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত নেওয়ার কথা রয়েছে। প্রতিটি পরীক্ষার ফল প্রকাশের জন্যও নির্দিষ্ট সময় নির্ধারণ করেছে মন্ত্রণালয়। পরীক্ষা সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, কোনো পরীক্ষার সময়কাল ১২ কর্মদিবসের বেশি হবে না। বিদ্যালয়গুলোকে নিজস্ব প্রশ্নপত্রে পরীক্ষা নিতে হবে; বাইরে থেকে সংগৃহীত প্রশ্নে পরীক্ষা নেওয়া যাবে না। বিশেষ কারণ ছাড়া পরীক্ষার তারিখ পরিবর্তন নিষিদ্ধ, তবে প্রয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতি নিতে হবে। এছাড়া কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন বা সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয়ে ছুটি দেওয়া কিংবা ক্লাস বন্ধ রাখা যাবে না। পরিদর্শনের সময় শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখাও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে ভর্তি কার্যক্রম বা অন্যান্য পরীক্ষার প্রয়োজনে ছুটির দিনেও বিদ্যালয় খোলা রাখা যাবে। জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপনের নির্দেশ দেওয়া হয়েছে।