
তবলছড়ি–স্বর্ণটিলা এলাকায় দিনব্যাপী সচেতনতামূলক কার্যক্রম
রাঙামাটি প্রতিনিধি | আহমদ বিলাল খানঃ
অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটি শহরের তবলছড়ি সংলগ্ন স্বর্ণটিলা এলাকায় গণসংযোগ ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছে রাঙামাটি ফায়ার স্টেশন।
শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী এই কর্মসূচির আওতায় এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের মাঝে অগ্নি নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে ফায়ার সার্ভিসের সদস্যরা বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে সরাসরি গিয়ে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের সঠিক নিয়ম, বৈদ্যুতিক ঝুঁকি এড়ানোর কৌশল, এবং অগ্নিকাণ্ড ঘটলে তাৎক্ষণিক করণীয় সম্পর্কে হাতে–কলমে অবহিত করেন। একই সঙ্গে জরুরি পরিস্থিতিতে পানি সংগ্রহের জন্য আশপাশের পানির উৎস চিহ্নিত করা হয়। এ সময় স্থানীয়দের জরুরি যোগাযোগের জন্য নিকটবর্তী ফায়ার স্টেশনের নম্বর ০১৯০১-০২১৬৩৭ এবং জাতীয় জরুরি হটলাইন ১০২ সম্পর্কে জানানো হয়। এ বিষয়ে এলাকার এক ব্যবসায়ী বলেন, আমরা প্রতিদিন দোকানে বসি, কিন্তু হঠাৎ আগুন লাগলে কীভাবে পরিস্থিতি সামলাতে হয় তা অনেকেই জানি না। আজ ফায়ার সার্ভিসের সদস্যরা এসে হাতে–কলমে বুঝিয়ে দেওয়ায় বিষয়টি পরিষ্কার হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত উপকারী। একই এলাকার এক বাসিন্দা বলেন,
“আগুন লাগলে কোথায় ফোন করতে হবে—এই তথ্যটাই অনেক সময় জানা থাকে না। আজ জানলাম ১০২ নম্বরে ফোন করলেই দ্রুত সহায়তা পাওয়া যায়। এমন উদ্যোগ আরও হলে মানুষ অনেক বেশি সচেতন হবে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান, অগ্নিকাণ্ডে জানমাল ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতাই সবচেয়ে কার্যকর উপায়। সে লক্ষ্যেই নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়দের মধ্যে এ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা গেছে।





