
কাউখালীতে ধানের শীষের পথসভা ও গণসংযোগ
রাঙামাটি প্রতিনিধি | আহমদ বিলাল খানঃ
রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ও বেতবুনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী পথসভা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পথসভা ও গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি- ২৯৯ সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকপ্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া পাহাড়ে টেকসই কোনো উন্নয়ন সম্ভব নয়। পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠী যখন পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করবে, তখনই প্রকৃত অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম হবে। তিনি আরও বলেন,
“আপনাদের সমর্থন ও ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে এই অঞ্চলের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করার সর্বাত্মক চেষ্টা করব। কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল (অবসরপ্রাপ্ত) মনীষ দেওয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সিনিয়র সহ-সভাপতি আবু নাসির চেয়ারম্যান, সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাইফুল ইসলাম পনিরসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। কর্মসূচির বিভিন্ন পর্যায়ে স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকায় নির্বাচনী উৎসবমুখর পরিবেশ ও কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়।
পথসভায় বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে শুধু সামাজিক স্থিতিশীলতাই নয়, টেকসই অর্থনৈতিক উন্নয়নও নিশ্চিত করা সম্ভব। এ সময় তিনি উন্নয়ন ও শান্তির ধারাবাহিকতা রক্ষায় স্থানীয় জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।





