চন্দ্রঘোনা কেপিএম এলাকায় মানবিক সম্পা আহমেদের ইফতার সামগ্রী বিতরণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম মিল এলাকায় মানবিক মানুষ হিসেবে পরিচিত সম্পা আহমেদের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার তিনি এলাকার ১৫টি অসহায় পরিবারের হাতে ইফতার সামগ্রী ও ঈদ উপলক্ষে সেমাই-চিনি তুলে দেন। সহায়তা পাওয়া পরিবারগুলোর বেশিরভাগই স্থানীয় মসজিদের হুজুর ও মোয়াজ্জেম, যাদের মাসিক বেতন সর্বসাকুল্যে মাত্র প্রায় ৪ হাজার টাকা। এ সময় সম্পা আহমেদ বলেন, “মসজিদের হুজুররা খুব কষ্ট করে জীবনযাপন করেন। তাদের আয় খুবই সীমিত। তাই সমাজের বিত্তবানদের উচিত মসজিদের হুজুর ও মোয়াজ্জেমদের পাশে দাঁড়ানো। সহায়তা পাওয়া হুজুর ও মোয়াজ্জেমরা জানান, একজন নারী হয়েও সম্পা আহমেদ নিজের সংসার ও সন্তানদের দেখাশোনার পাশাপাশি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। নানা কষ্টের মধ্যেও তিনি মানুষের পাশে দাঁড়ান, আর এতে তিনি মানসিক শান্তি ও আনন্দ খুঁজে পান। স্থানীয়রা জানান, ২০০৯ সাল থেকে সম্পা আহমেদ নিয়মিতভাবে নিজ এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। প্রতিবন্ধী, বয়স্ক এবং সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় তিনি সবসময় এগিয়ে আসেন।
মানবিক কর্মকাণ্ডের জন্য এলাকাবাসী ভালোবেসে তাকে ‘মানবিক সম্পা আহমেদ’ নামে ডাকেন।