
মোঃ মামুন নারায়ণগঞ্জ প্রতিনিধি:
সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় আয়োজিত এ সভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আলামিন ও জাসাসের ইউনিয়ন সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহসভাপতি, জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আল মুজাহিদ মল্লিক। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য মোঃ শফিক দেওয়ান, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান কামরুল হাসান লিটন, সোনারগাঁও উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোরশেদ মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সাধারণ সভায় জামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় জামপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল, জাসাস, তাঁতিদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা দলীয় ঐক্য ও শৃঙ্খলা অটুট রেখে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি আগামী দিনের সকল দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সভায় মরহুমা দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সভা শেষে নেতাকর্মীরা পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সমন্বয়ের মাধ্যমে জামপুর ইউনিয়নে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন।





