রাইখালীতে জামায়াতে ইসলামী আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ধর্মীয় মূল্যবোধ চর্চা ও সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই (রাঙ্গামাটি):

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলার সংগ্রামী আমির অধ্যাপক আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অফিস সম্পাদক কানজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং রাইখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. লোকমান। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও বিশিষ্ট শিক্ষাবিদ মো. হারুনুর রশিদ, চন্দ্রঘোনা ইসলাম প্রচার সমিতির সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চন্দ্রঘোনা থানা শাখার সেক্রেটারি, রাইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাসেম মেম্বারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজান মাসের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে মানুষের মাঝে পারস্পরিক সহমর্মিতা, সহনশীলতা এবং সামাজিক সম্প্রীতি আরও জোরদার হয়। বক্তারা সমাজে ন্যায়-নীতি প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত রোজাদারদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২নং রাইখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ রাশেদ।