শীর্ষ সন্ত্রাসী শহিদুলের ভাই শাবুসহ আটক ৩: সিএমপি ডিবি (উত্তর)

মোহাম্মদ মাসুদঃ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (উত্তর) এর বিশেষ অভিযানে চাঞ্চল্যকর ৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার ভাই, সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের মূল হোতা শাহাব উদ্দিন শাবুসহ তিনজনকে আটক করা হয়েছে। ৫ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পাঁচলাইশ থানাধীন আরাকান সোসাইটি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতদের মধ্যে রয়েছেন কুখ্যাত সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার আপন ভাই, সন্ত্রাসী ও ছিনতাইকারী শাহাব উদ্দিন শাবু (৩৪) এবং তার সহযোগী অপর সন্ত্রাসী ও ছিনতাইকারী মো. পারভেজ। গোপন সংবাদের ভিত্তিতে অপরাধ সংঘটনের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, আটক শাহাব উদ্দিন শাবুর পিতা মোহাম্মদ আলী। তার স্থায়ী ঠিকানা ভোলা জেলার দৌলতখান থানার চরপাতা এলাকায়, হাইস্কুলের পাশে বেচার বাড়ি (প্রকাশ ভান্ডারীর বাড়ি)। বর্তমানে তিনি চট্টগ্রামের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় সাবানা গার্মেন্টসের পেছনে ইলিয়াস মিয়ার ভাড়া বাসায় থাকতেন।
অপর আটক মো. পারভেজের পিতা মৃত নাসিম উদ্দিন। তার স্থায়ী ঠিকানা কক্সবাজার জেলার চকরিয়া থানার দুলাহাজারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। বর্তমানে তিনি চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার বাড়াইপাড়া, বখতিয়ার সওদাগরের বিল্ডিংয়ে বসবাস করতেন।
সক্রিয় এই অভিযানে সিএমপির ডিবি (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান প্রাংয়ের সার্বিক দিকনির্দেশনায় ডিবি উত্তর বিভাগের টিম-১ এর এসআই ফজলে রাব্বী কায়সারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
আসামিদের জিজ্ঞাসাবাদ ও সিডিএমএস যাচাই করে জানা যায়, সন্ত্রাসী ও ছিনতাইকারী শাহাব উদ্দিন শাবুর বিরুদ্ধে সিএমপির চান্দগাঁও ও পাঁচলাইশসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যা চেষ্টা, চুরি, ছিনতাই এবং দ্রুত বিচার আইনে মোট ৬টি মামলা রয়েছে। এছাড়া তার সহযোগী মো. পারভেজের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।