
মো,আজগর আলী খান রাজস্থলী রাঙ্গামাটিঃ
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার একমাত্র রাজস্থলী বাজারে অবস্থিত রাজস্থলী বাজার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জরাজীর্ণ ভবন, ছাদ থেকে পলেস্তারা খসে পড়া, সামান্য বৃষ্টিতে বিদ্যালয়ের মাঠ তলিয়ে যাওয়া এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সুযোগ-সুবিধার অভাবে চরম দুর্ভোগে রয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক অভিভাবক শিক্ষার্থীরাও। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি বর্তমানে দুই শিফটে পরিচালিত হচ্ছে। এখানে ৪০০ জন শিক্ষার্থীর বিপরীতে কর্মরত রয়েছেন ১১ জন শিক্ষক। তবে পাঠদানের পাশাপাশি এখন বিদ্যালয়ের সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এর জরাজীর্ণ অবকাঠামো। বিদ্যালয়ের শিক্ষকদের বসার স্থান ও প্রাক – প্রাথমিক কক্ষটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ছাদ চুইয়ে পানি পড়ার পাশাপাশি প্রায়ই পলেস্তারা খসে পড়ছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এর আগে ভবনের পলেস্তারা ধসে শিক্ষক ও অভিভাবকদের আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের পুরোনো ভবনটির বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়েছে। ফলে আতঙ্ক নিয়েই শ্রেণিকক্ষে পাঠদান ও পাঠগ্রহণ করতে হচ্ছে। অন্যদিকে সামান্য বৃষ্টি হলেই বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে যায়। বিদ্যালয়ের পাশে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় অতিবৃষ্টিতে বিদ্যালয়টি পানিবন্দি হয়ে পড়ে। শৌচাগারের নানা সমস্যার কারণে শিক্ষার্থীদের নিয়মিত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও নিরাপত্তা নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের দাবি, দ্রুত একটি ঊর্ধ্বমুখী নতুন ভবন নির্মাণ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করতে গিয়ে নিজেদের ভয়ের কথা জানিয়ে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী বলেন ‘ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করতে আমাদের খুব ভয় লাগে। কখন কী ঘটে যায়, সেই আতঙ্কে সবসময় থাকতে হয়।’ উদ্বেগ প্রকাশ করে অভিভাবক তিলক বলেন, ‘বিদ্যালয়ের পুরোনো ভবনটি এতটাই ঝুঁকিপূর্ণ যে সন্তানদের স্কুলে পাঠাতে আমাদের বুক কাঁপে। যেকোনো সময় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউছুফ আলী বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবনে আমাদের অত্যন্ত ভয় নিয়ে বসতে হয় এবং কার্যক্রম পরিচালনা করতে হয়। পুরোনো ভবনের সমস্যার বিষয়টি ইতোমধ্যে একাধিকবার উপজেলা শিক্ষা অফিসকে লিখিতভাবে জানানো হয়েছে।’ ২০১২ সালে তৎকালিন জেলা প্রশাসক ড, জাফর আহম্মদ খান রাজস্থলী বাজার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে তিনি উপরের ভবন ঝুকিপূর্ণ হওয়ায় পরিতাক্ত ঘোষণা করেন। এর পর থেকে বিদ্যালয়ে কোন ভবন না থাকায় ৪০০ শিক্ষার্থী নিয়ে শিক্ষকগণ চরম বিপাকে পড়েছে। এ বিষয়ে রাজস্থলী উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হিতৈষী চাকমা বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। বিদ্যালয়ের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’অপর দিকে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান বলেন, বিদ্যালয়টি ঝুকিপূর্ণ আমি শুনেছি। তবে শিক্ষা অধিদপ্তরের সাথে কথা বলে কি করা যায় সে বিষয়ে প্রস্তাবনা পাঠাবো।





