
রিয়াজ উদ্দিন আকাশ, কাপ্তাইঃ
রাঙামাটির কাপ্তাই উপজেলায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩শে মে শনিবার দুপুর ২টায় বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদুল হাছান, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়

পরিচালনা কমিটির সভাপতি মোঃ একরাম হোসেন এবং বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ দাশ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম বলেন, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও কাবিং শিশুদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ গড়ে তোলে বলেও তিনি উল্লেখ করেন। বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন বলেন, বর্তমান প্রজন্মকে দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।





