কাপ্তাইয়ে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে সচেতনতামূলক সভা ও সম্মেলন অনুষ্ঠিত

চৌধুরী মুহাম্মদ রিপন, কাপ্তাই (রাঙামাটি):

রাঙামাটির কাপ্তাইয়ে নকল, ভেজাল, অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধ এবং অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করতে জনসচেতনতামূলক সভা ও সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় কাপ্তাইয়ের নিসর্গ রিভার ভ্যালি রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তরের রাঙামাটি জেলা কার্যালয় এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কাপ্তাই, বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলা শাখার যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের রাঙামাটি জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক মো. আবিদ আহসান। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কাপ্তাই উপজেলা শাখার সভাপতি কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির কাপ্তাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজোয়ান টিপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন দীপঙ্কর দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. কিল্টন দে এবং কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. হাজারী। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেনেটা পিএলসির ডেপুটি সেলস ম্যানেজার মো. নাসির উদ্দিন হায়দার, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির রাঙামাটি জেলা শাখার সভাপতি হারুন রশিদ ও সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়া। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রায়হানুল ইসলাম ওষুধ ব্যবসায়ীদের চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ওষুধ মানুষের জীবন রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু নকল, ভেজাল, অনিবন্ধিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তাই ওষুধ বিক্রির ক্ষেত্রে ব্যবসায়ীদের সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কোনোভাবেই মেয়াদোত্তীর্ণ কিংবা অনুমোদনহীন ওষুধ বিক্রি করা যাবে না। তিনি আরও বলেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন থেকে সাধারণ মানুষকে বিরত রাখতে হবে। অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ভবিষ্যতে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এ বিষয়ে ওষুধ ব্যবসায়ী, চিকিৎসক ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে সচেতন হতে হবে। সভায় বক্তারা বলেন, নিরাপদ ও মানসম্মত ওষুধ নিশ্চিত করতে ওষুধ ব্যবসায়ীদের আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। পাশাপাশি অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধে জনসচেতনতা বাড়ানো জরুরি। ওষুধের গুণগত মান, সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় কাপ্তাই, বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলার ওষুধ ব্যবসায়ী, সংশ্লিষ্ট পেশাজীবী এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।