রাঙ্গামাটিতে ট্রাফিক ব্যবস্থাপনায় ডিজিটাল যুগের সূচনা

অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি চালকদের ডিজিটাল ডাটাবেস কার্যক্রম উদ্বোধন

রিয়াজ উদ্দিন আকাশ কাপ্তাইঃ

সড়ক নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিয়ন্ত্রণ এবং যাত্রী ও পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে “অনলাইন বাস টার্মিনাল (OBT)” এবং সিএনজি থ্রি-হুইলার চালকদের ডিজিটাল ডাটাবেস কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টায় রাঙ্গামাটির লেকভিউ গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, এমপি। রাঙ্গামাটি জেলা পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম’র পরিকল্পনা ও নির্দেশনায় গড়ে তোলা এ প্রযুক্তিনির্ভর উদ্যোগে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, পরিবহন মালিক সমিতি ও চালক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোটরসাইকেল চালক ও আরোহীদের মধ্যে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে “No Helmet, No Ride” সম্বলিত স্টিকার ও হেলমেট বিতরণ করা হয়। ট্রাফিক বিভাগ, রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন জেলা রাঙ্গামাটিতে প্রতিদিন স্থানীয় যাত্রীদের পাশাপাশি বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটে। তবে দীর্ঘদিন ধরে সমন্বিত ডিজিটাল ব্যবস্থাপনার অভাবে যানবাহন ও চালকদের তথ্য সংরক্ষণ, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এরই প্রেক্ষাপটে সময়োপযোগী এই ডিজিটাল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রমের আওতায় রাঙ্গামাটি শহরে চলাচলরত সকল সিএনজি থ্রি-হুইলার ও চালকদের তথ্য নিয়ে একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেস প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে জেলার নিবন্ধিত ১ হাজার ৪১৬টি সিএনজি ও সহস্রাধিক চালকের তথ্য সংগ্রহ ও নিবন্ধন সম্পন্ন হয়েছে। নিবন্ধিত যানবাহনে কিউআর কোড সংবলিত ডিজিটাল স্টিকার সংযুক্ত করা হবে। যাত্রী ও পর্যটকরা মোবাইল ফোনের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে চালকের নাম, ছবি, ঠিকানা ও মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। পাশাপাশি তারা পরিবহন সেবার মান সম্পর্কে রেটিং দিতে পারবেন এবং যানবাহনের গতি, চালকের আচরণ বা সেবার মান নিয়ে মতামত জানাতে পারবেন। জেলা পুলিশ জানিয়েছে, যাত্রীদের দেওয়া রেটিংয়ের ভিত্তিতে চালকদের মূল্যায়ন নির্ধারণ করা হবে। এর মাধ্যমে দক্ষ ও ঝুঁকিপূর্ণ চালকদের সহজেই শনাক্ত করা সম্ভব হবে, যা ভবিষ্যতে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে “অনলাইন বাস টার্মিনাল (OBT)” ব্যবস্থার মাধ্যমে ট্যুরিস্ট ও যাত্রীবাহী বাসের তথ্য ব্যবস্থাপনা, ডিজিটাল পার্কিং এবং যাত্রীসেবা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা হবে। পর্যটন মৌসুমসহ সারা বছর রাঙ্গামাটিতে আগত ট্যুরিস্ট বাসগুলো শহরে প্রবেশের আগেই ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করবে। এছাড়া বাস কর্তৃপক্ষকে ই-মেইল বা মোবাইল বার্তার মাধ্যমে নির্ধারিত পার্কিং সংক্রান্ত তথ্য ও নির্দেশনা প্রদান করা হবে। জেলা পুলিশের দাবি, ইতোমধ্যে ডিজিটাল পার্কিং ব্যবস্থাপনা চালুর ফলে ট্যুরিস্ট বাস পরিচালনায় শৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে, যত্রতত্র পার্কিং কমেছে এবং শহরের যানজট নিরসনে ইতিবাচক প্রভাব পড়েছে। রাঙ্গামাটি জেলা পুলিশ আশা প্রকাশ করেছে, এই প্রযুক্তিনির্ভর উদ্যোগ ট্রাফিক ব্যবস্থাপনায় জবাবদিহিতা বৃদ্ধি, যাত্রী হয়রানি কমানো, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং রাঙ্গামাটিকে একটি নিরাপদ, আধুনিক ও পর্যটকবান্ধব জেলায় রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ উদ্যোগ সফল বাস্তবায়নে পরিবহন মালিক, চালক, যাত্রী এবং গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ।

পদ নয়, মানুষের প্রতি সম্মানই একজন নেতার প্রকৃত পরিচয়। একজন সাধারণ কৃষককে আপন করে পাশে বসিয়ে আন্তরিক সম্মান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ছোট্ট মানবিক আচরণই প্রমাণ করে— রাজনীতির মূল শক্তি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা। মানুষের কষ্ট, পরিশ্রম আর অবদানকে মূল্যায়ন করাই একজন নেতৃত্বের সবচেয়ে বড় গুণ।