
ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গা মৌজায় বসবাসরত তনচংগ্যা সম্প্রদায়ের নারী পুরুষরা তাদের বিষু উৎসবের প্রথমদিন( ফুল বিষুর দিন ) কাপ্তাইয়ের কর্ণফুলি স্টেডিয়াম সংলগ্ন কর্ণফুলী নদীতে ফুল ভাসালো। এ সময় তনচংগ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে শতাধিক নারী পুরুষ এই ফুল ভাসানো উৎসবে অংশ নেন। শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় এই উৎসবের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন। এসময় কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, ওসি তদন্ত আমীর সোহেল, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক নির্মল চন্দ্র তনচংগ্যা, বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তনচংগ্যা, বিষু উদযাপন কমিটির সদস্য সচিব রূপময় তনচংগ্যা, বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চলের অর্থ সম্পাদক তাপস তনচংগ্যা, স্বপন তনচংগ্যা, দয়ারাম তনচংগ্যা সহ তনচংগ্যা সম্প্রদায়রের নারী পুরুষ এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে ফুল ভাসানো উৎসবে আসা বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তনচংগ্যা, স্থানীয় গর্জনিয়া পাড়ার রনজিত তনচংগ্যা কারবারি, অজিত কুমার তনচংগ্যা কারবারি, বেতার শিল্পী ও তনচংগ্যা সম্প্রদায়ের জনপ্রিয় গীতিকার ও সুরকার সুর্য্যসেন তনচংগ্যা, স্থানীয় শিল্পী পুজা তনচংগ্যা সহ অনেকে বলেন আজকে আমরা ফুল বিষু উৎসবে এসেছি কর্ণফুলি নদীতে ফুল ভাসাতে। পুরানো বর্ষের সকল দু:খ গ্লানি ভুলে আমরা নতুন বছরকে বরণ করবো।
প্রসঙ্গত, বিষু উৎসবের তিন দিনের মধ্যে ফুল বিষু প্রথমদিন। ফুল বিষু শুরু হয় বসন্তের শেষ দিকে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের ২৯ তারিখ অর্থাৎ বছর শেষ হওয়ার একদিন আগে। এইদিন খুব ভোরে ঘুম থেকে উঠে আনন্দের সহিত হরেক রকমের ফুল তোলা হয়। উল্লেখ্য, ওই সময় বাড়ির আঙ্গিনায় ফোঁটা ফুল সবার জন্য উন্মুক্ত থাকে।





