কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

কাপ্তাই প্রতিনিধিঃ

কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের চাকুয়া পাড়া এলাকায় রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে বন্যহাতির আক্রমণে মংখ্যাইচিং মারমা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি স্থানীয় চিৎমরম বড় পাড়া এলাকার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা যায়।
স্থানীয় বনবিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগী ব্যক্তি বন্যহাতির সামনে পড়ে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। পাশাপাশি বন্যহাতি দেখা গেলে দ্রুত বনবিভাগকে অবহিত করার আহ্বান জানান।
চন্দ্রঘোনা থানার ওসি মোঃ শাকের জানান, ঘটনার খবর পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে।
বন বিভাগের তথ্য ও পূর্ববর্তী ঘটনার বিশ্লেষণে দেখা গেছে, কাপ্তাই অঞ্চলের সড়ক ও পাহাড়ি এলাকায় বন্যহাতির চলাচল বেশ বৃদ্ধি পেয়েছে। খাদ্য সংকট ও আবাসস্থল সংকুচিত হয়ে পড়ায় হাতিরা প্রায়ই লোকালয়ে নেমে আসে। ফলে সময়-সময় মানুষ ও বন্যহাতির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে।

কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইট সংলগ্ন যাত্রী ছাউনিতে দীর্ঘদিন ধরে অবস্থান করা এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আজ সকালে মৃত্যুবরণ করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে তিনি অসুস্থ অবস্থায় সেখানে ছিলেন। তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। যদি কোনো ব্যক্তি তার পরিচয় সম্পর্কে অবগত থাকেন, তাহলে অনুরোধক্রমে কাপ্তাই থানা-এ যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।