কাপ্তাইয়ে ঈদের ২য় দিনে পর্যটকের ঢল, রিসোর্টগুলোতে উপচে পড়া ভিড়

কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাইয়ে পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে নেমেছে পর্যটকদের ঢল। মনোরম পাহাড়, লেকের নীল জলরাশি আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণপিপাসু মানুষ ছুটে এসেছেন কাপ্তাইয়ে। ঈদের ছুটি ঘিরে কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটন স্পট—কাপ্তাই লেক, নৌভ্রমণ, পাহাড়ি ভিউ পয়েন্টসহ আশপাশের এলাকাগুলোতে দিনভর ছিল পর্যটকদের ভিড়। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে দেখা গেছে আগত দর্শনার্থীদের।

বিশেষ করে কাপ্তাইয়ের ছোট-বড় প্রায় সব রিসোর্ট ও আবাসিক হোটেলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। অনেক রিসোর্টে আগেই অনলাইনে বুকিং সম্পন্ন হয়ে যাওয়ায় স্পট বুকিংয়ের সুযোগ ছিল না বললেই চলে। পর্যটকদের চাহিদা বেড়ে যাওয়ায় কিছু রিসোর্টে ভাড়া স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা বেশি নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। রিসোর্ট সংশ্লিষ্টরা জানান, ঈদের আগে থেকেই অনলাইন প্ল্যাটফর্ম ও ফোন কলের মাধ্যমে অধিকাংশ কক্ষ বুক হয়ে যায়। ঈদের দ্বিতীয় দিনে এসে প্রায় সব রিসোর্টই ফুল বুকড হয়ে পড়ে। এতে পর্যটন ব্যবসায়ীরা যেমন সন্তুষ্ট, তেমনি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়েছে। পর্যটকরা জানান, “কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অসাধারণ। লেকের পানি, পাহাড় আর নির্মল পরিবেশ আমাদের মুগ্ধ করেছে। ঈদের ছুটিতে এমন একটি জায়গায় আসতে পেরে খুব ভালো লাগছে। এদিকে পর্যটকদের নিরাপত্তা ও সেবার বিষয়ে স্থানীয় প্রশাসনও সতর্ক অবস্থানে রয়েছে। সার্বিকভাবে বলা যায়, ঈদের দ্বিতীয় দিনে কাপ্তাই পরিণত হয়েছে এক প্রাণচঞ্চল পর্যটন কেন্দ্রে। প্রাকৃতিক সৌন্দর্যের টানে আগামীতেও এখানে পর্যটকের আগমন আরও বাড়বে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।