
নন্দীরহাটে খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রশাসনের কঠোর অবস্থান
মোহাম্মদ মাসুদ
হাটহাজারী উপজেলায় আনুমানিক ৪ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ মার্চ) হাটহাজারী উপজেলার নন্দীরহাট এলাকায় ফতেয়াবাদ শৈলবালা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় সংলগ্ন ১নং খাস খতিয়ানভুক্ত সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। একটি সূত্র জানায়, কিছুদিন আগে একটি চক্র সরকারি সম্পত্তি দখল করে সেখানে স্থাপনা নির্মাণ শুরু করে। বিষয়টি জানার পর হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন সহকারী কমিশনার (ভূমি)-কে জমিটি চিহ্নিত করে সীমানা নির্ধারণের নির্দেশ দেন।পরবর্তীতে ওই খাস জমিতে অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনা ভেঙে ফেলা হয় এবং অবশিষ্ট নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, নন্দীরহাট এলাকায় আনুমানিক ৪ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।





