কাপ্তাইয়ে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির কাপ্তাইয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কাপ্তাই ১০ শয্যা হাসপাতাল ও সামাজিক সংগঠন ‘কাপ্তাই ইয়ুথ ক্লাব’। মঙ্গলবার (১৭ মার্চ, ২৭ রমজান) কাপ্তাই ১০ শয্যা হাসপাতাল (লক গেইট) প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। টানা চতুর্থবারের মতো আয়োজিত এই ইফতার মাহফিলে প্রতি বছরের ন্যায় এবারও সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক প্রচেষ্টায় এতিম ও পথশিশুদের জন্য বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকনাথ আহমেদ এবং কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা। কাপ্তাই ১০ শয্যা হাসপাতালের চিকিৎসক ডা. এ কে এম কামরুল হাসান বলেন, “সমাজের অবহেলিত এতিম ও পথশিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কাপ্তাই ইয়ুথ ক্লাবের সহযোগিতায় এই উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখা সত্যিই প্রশংসনীয়। এমন উদ্যোগ সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে। এ সময় বক্তারা ডা. কামরুল হাসানের মানবিক অবদানের কথা উল্লেখ করে বলেন, এতিম শিশুদের কল্যাণে এবং তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে তিনি পর্দার আড়াল থেকে নিরলসভাবে সহযোগিতা করে আসছেন। তাঁর এই নিঃস্বার্থ সেবামূলক কার্যক্রম এলাকায় ব্যাপকভাবে সমাদৃত। ইফতারের আগ মুহূর্তে শিশুদের নিয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি উপস্থিত শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্থতা কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন বিএফআইডিসি জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন সাইফি। এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই ইয়ুথ ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার জিতু, ইয়ুথ লিডার রিয়াদ, তাহসিন, শুক্কুর, রাসেল, তানজিম, রাহাত, জিহান, রাফি, নিপু, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।