নানিয়ারচরের সম্ভাবনা কাজে লাগাতে শিল্পায়নের পরিকল্পনা জুঁই চাকমার

আহমদ বিলাল খানঃ

রাঙামাটি-২৯৯ আসনের একমাত্র নারী প্রার্থী জুঁই চাকমা নানিয়ারচর উপজেলাকে শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি বলেন, নানিয়ারচরে মাঝারি শিল্প স্থাপন এবং আনারস চাষিদের জন্য আধুনিক কোল্ড স্টোরেজ নির্মাণ করলে স্থানীয় যুব সমাজের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং বেকারত্ব কমবে।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণার ১৬তম দিনে তিনি নানিয়ারচর ও কাউখালী উপজেলার বেনুবন এলাকায় নির্বাচনী ইশতেহার বিতরণ, জনসংযোগ ও পথসভা করেন। পথসভায় জুঁই চাকমা বলেন, নানিয়ারচর পাহাড়ি জনপদ হলেও কৃষি ও শিল্প সম্ভাবনা রয়েছে। আনারস মৌসুমে সংরক্ষণ সুবিধার অভাবে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। এ সমস্যা সমাধানে কোল্ড স্টোরেজ নির্মাণকে অগ্রাধিকার প্রকল্প হিসেবে তিনি তুলে ধরেন। তিনি আরও বলেন, উপজেলার শিল্পায়ন ও আধুনিকায়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে। নির্বাচিত হলে নারীর উন্নয়ন, স্থানীয় সমস্যা সমাধান ও টেকসই উন্নয়নে কাজ করা হবে। এ সময় জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব পলাশ চাকমা, যুগ্ম সদস্য সচিব অপু বড়ুয়া, ডা. প্রকাশ বড়ুয়া, মঈন উদ্দিন, সাইমুন ইসলাম, অরুনজিতা চাকমা, সাইফুল ইসলাম, আবু বড়ুয়া, নির্বাচনী প্রধান এজেন্ট নির্মল বড়ুয়া মিলনসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।