পোট্রেট এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন, নৌভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর কাপ্তাই

চৌধুরী মুহাম্মদ রিপনঃ

চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন পত্রিকা ‘পোট্রেট’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব উদযাপন করা হয়েছে।
আনন্দ সম্মিলন ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম থেকে কাপ্তাই পর্যন্ত প্রায় ৫০ জন সদস্য নিয়ে ‘পোট্রেট ফ্যামিলি টিম’ সকাল ১১টায় যাত্রা শুরু করে। কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল সংলগ্ন সীমান্ত রেস্টুরেন্টে চা-নাশতা শেষে চন্দ্রঘোনা মিশন ঘাট থেকে কর্ণফুলী নদীতে নৌভ্রমণে অংশ নেন তারা। নৌভ্রমণের মনোরম পরিবেশে উৎসবে যোগ হয় ভিন্ন মাত্রা। চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত পিঠা উৎসব অংশগ্রহণ করেন পোট্রেট ফ্যামিলির সদস্যরা, যা আয়োজনকে আরও অর্থবহ ও আনন্দঘন করে তোলে। সীমান্ত রেষ্টোরেন্টে দুপুরের খাবার শেষে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের ডা. মং স্টিফেন চৌধুরী অডিটোরিয়াম হলরুমে ‘পোট্রেট’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে কেক কাটা, স্মৃতিচারণমূলক আলোচনা সভা এবং আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং।
প্রধান অতিথির বক্তব্যে ডা. প্রবীর খিয়াং বলেন,
“দীর্ঘ ৩৬ বছর ধরে একটি গণমাধ্যম টিকে থাকা সহজ নয়। সত্য ও জনকল্যাণমূলক সাংবাদিকতার মাধ্যমে ‘পোট্রেট’ যে দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এমন আয়োজন গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় করে এবং সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে। তিনি আরও বলেন, সাংবাদিকতা ও সমাজসেবার এই সম্মিলন আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও ‘পোট্রেট’ দেশ ও মানুষের পক্ষে সত্য তুলে ধরবে—এই প্রত্যাশা রইল।
অনলাইন পত্রিকা ‘পোট্রেট’-এর কাপ্তাই প্রতিনিধি বিজয় মারমা-র মুগ্ধকর সঞ্চালনায় পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও আনন্দঘন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনলাইন পত্রিকা ‘পোট্রেট’-এর প্রকাশক রুপম চক্রবর্তী বলেন,
৩৬ বছরের এই পথচলায় ‘পোট্রেট’ শুধু একটি অনলাইন পত্রিকা নয়, এটি এখন একটি পরিবার। সততা, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থে সংবাদ পরিবেশনের যে অঙ্গীকার নিয়ে আমরা যাত্রা শুরু করেছি, তা আজও অটুট রয়েছে। পাঠক, শুভানুধ্যায়ী ও পোট্রেট ফ্যামিলির সকল সদস্যের ভালোবাসা ও সহযোগিতায় আমরা আজ এই মাইলফলকে পৌঁছাতে পেরেছি। তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে আরও দায়িত্বশীল সাংবাদিকতা ও সময়োপযোগী সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘পোট্রেট’ এগিয়ে যাবে। এই অর্জনের অংশীদার পোট্রেট ফ্যামিলির সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। অনুষ্ঠান শেষে পারস্পরিক সৌহার্দ্য, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ‘পোট্রেট’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।