
আহমদ বিলাল খানঃ
খেলাধুলার মাধ্যমেই সুস্থ, শৃঙ্খলাবান ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। তিনি বলেন, আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। স্বর্ণটিলা যুব সংঘ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ডে-নাইট নকআউট ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় তবলছড়ি স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক ও যুবসমাজের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠটি উৎসবমুখর হয়ে ওঠে। প্রধান অতিথির বক্তব্যে মো. হাবীব আজম বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজ নানা ধরনের নেতিবাচক আসক্তির দিকে ঝুঁকে পড়ছে। মোবাইল আসক্তি, অনলাইন গেম, জুয়া ও মাদক তাদের ভবিষ্যৎকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এসব থেকে মুক্তির সবচেয়ে কার্যকর উপায় হলো নিয়মিত খেলাধুলা। তিনি আরও বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে, নেতৃত্বের গুণাবলি তৈরি করে এবং আত্মবিশ্বাস গড়ে তোলে। আজ আমাদের মেয়েরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করছে। আমিও চাই আমাদের ছেলেরা খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তুলুক এবং একদিন দেশের পতাকা বিশ্বমঞ্চে তুলে ধরুক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বর্ণটিলা যুব সংঘ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. ওয়াছির জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. নজরুল করিম, জেলা যুবদলের সদস্য ও ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. শহিদুল ইসলাম, আমানত বাগ স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুল গফুর এবং রাঙামাটি সরকারি কলেজের সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈম। অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তরুণদের মাঝে শৃঙ্খলা, সৌহার্দ্য ও দেশপ্রেমের চর্চা আরও বেগবান হবে।
উল্লেখ্য, আয়োজকরা জানান, এই ডে-নাইট নকআউট ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে এলাকার উদীয়মান খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রীড়া আয়োজনের পরিকল্পনা রয়েছে।





