
চৌধুরী মুহাম্মদ রিপনঃ
রাঙামাটির কাপ্তাইয়ে অভিযান চালিয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা, একটি সিএনজি অটোরিকশা, মুঠোফোন ও সিম কার্ডসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ১ নম্বর জিপি গেটের কাছে এ অভিযান পরিচালনা করা হয়। লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস, অধিনায়ক, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর দিকনির্দেশনায় হাবিলদার মো. এখলাছ উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযানে অংশ নেয়।আটক ব্যক্তিরা হলেন কাপ্তাইয়ের ব্যাঙছড়ি গ্রামের উছিলা মারমার ছেলে নিঠু মারমা (৩৩) এবং রাঙামাটি সদরের নাওভাঙা গ্রামের সুনীল চাকমার ছেলে সুপ্রিয় চাকমা (২০)। বিজিবি সূত্রে জানা যায়, অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৮ লাখ ৪৫ হাজার বাংলাদেশি টাকা তাদের কাছ থেকে জব্দ করা হয়। এ সময় একটি সিএনজি অটোরিকশা, যার নম্বর চট্টগ্রাম-থ-১৫-১৭৬৪, একটি স্মার্টফোন, একটি বাটন ফোন এবং দুটি সিম কার্ড জব্দ করা হয়। এছাড়া আটক ব্যক্তিদের কাছ থেকে ব্যক্তিগত নগদ ২ হাজার ৯৬০ টাকাও উদ্ধার করা হয়েছে। বিজিবি জানায়, জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৪ লাখ ৭০ হাজার ৩৬০ টাকা। অভিযানে আটক দুই ব্যক্তি, জব্দ করা মালামাল ও গাড়ি কাপ্তাই থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) জানায়, সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান দমন, মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও পাচার রোধ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।





