টানা বর্ষনে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

কাপ্তাই প্রতিনিধিঃ

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের কারণে ওয়াগ্গা ইউনিয়ন এলাকাধীন কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বালুচর এলাকায় পাহাড় ধসে পড়েছে। পাহাড়টি প্রধান সড়কের ওপর ধসে পড়ায় ওই সড়কে সব ধরনের যান চলাচল সাময়িক সম্পূর্ণ বন্ধ রয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে পাহাড় ধসের ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী জানায়, গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতের কারণে মঙ্গলবার(৭ জুলাই) সকালে হঠাৎ করেই পাহাড়ের মাটি ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের ওপর এসে পড়ে। এতে সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীসাধারণ। ​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মী ও বনবিভাগের কর্মীরা। তারা রাস্তা থেকে মাটি ও গাছপালা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার জন্য জোর তৎপরতা চালাচ্ছেন।ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে যত দ্রুত সম্ভব মাটি ধসে পড়া অংশ পরিষ্কার করে সড়কটি পুনরায় সচল করার চেষ্টা চলছে। স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন জানায়, টানা বৃষ্টির কারণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বালুচর এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। সকাল প্রায় ৯টা থেকে কাপ্তাইয়ের সাথে চট্টগ্রাম সহ অন্যান্য এলাকার যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল স্বাভাবিক করার জন্য ফায়ার সার্ভিস সহ অপরাপর স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে যাচ্ছে।