কাঁঠালিয়ায় নবনির্বাচিত এমপি ডা. মাহমুদা আলম মিতুকে সংবর্ধনা

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্যোগে প্রতিনিধি সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মো. আমির হোসেন। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংবর্ধিত অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু বলেন, কাঁঠালিয়ার মানুষের ভালোবাসা ও সম্মান তাকে আরও দায়িত্বশীল করেছে। জনগণের প্রত্যাশা পূরণে তিনি সবসময় কাজ করে যাবেন বলেও জানান। তিনি বলেন, এলাকার উন্নয়ন, নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা ও তরুণদের কর্মসংস্থানের বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হবে। পাশাপাশি মানুষের সুখ-দুঃখের পাশে থেকে একটি উন্নত ও সমৃদ্ধ কাঁঠালিয়া গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় বক্তারা তার সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।