
মোঃ আব্দুল হক হরিরামপুর মানিকগঞ্জঃ
মানিকগঞ্জে মাদকাসক্তি ও মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক খাতা ও লিফলেট বিতরণ করা হয়। বুধবার (২০ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার। আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও বড় ধরনের হুমকি। বিশেষ করে তরুণ সমাজ ও শিক্ষার্থীরা মাদকের ভয়াবহ প্রভাবের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। তাই মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। সভায় মাদকের ক্ষতিকর প্রভাব, মাদক কারবারিদের বিরুদ্ধে তথ্য প্রদান এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী বার্তাসংবলিত খাতা ও লিফলেট বিতরণ করা হয়। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





