
আহমদ বিলাল খানঃ
অগ্নিকাণ্ড প্রতিরোধ ও তাৎক্ষণিক নিয়ন্ত্রণ সক্ষমতা বাড়াতে জননিরাপত্তা নিশ্চিতে রাঙ্গামাটির ঘাগড়া বাজারে ২০টি অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করেছে রাঙ্গামাটি রিজিয়ন ও রাঙ্গামাটি সদর জোন।শনিবার (২৫ এপ্রিল) রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে এবং রাঙ্গামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে ঘাগড়া ক্যাম্পের আওতাধীন ঘাগড়া বাজার এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এসব অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে আসছে। অগ্নিকাণ্ডের মতো আকস্মিক দুর্ঘটনা মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, ঘাগড়া বাজারে অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণের এ উদ্যোগ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও জননিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন, ঘাগড়া বাজার কমিটির সভাপতি শাস্তি মনি চাকমা, সেক্রেটারি জিসু মনি চাকমা, ঘাগড়া বাজার সিএনজি সমিতির সেক্রেটারি রাসেল মিয়াসহ বাজার-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এছাড়া স্থানীয় ধর্মীয় ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেন।বাংলাদেশ সেনাবাহিনী সূত্র জানায়, পার্বত্য অঞ্চলে যেকোনো ধরনের দুর্ঘটনা মোকাবেলায় স্থানীয় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





