
মো. আবদুল হক, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলো আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার দুপুরে তিনি জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি। হঠাৎ মন্ত্রীর উপস্থিতিতে কেন্দ্র সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে বলে জানান অভিভাবকরা। এ সময় উপস্থিত ছিলেন সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। ইউএনও খায়রুন্নাহার পপি জানান, মন্ত্রী বিভিন্ন পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও নকলমুক্ত অবস্থা নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নেন। তিনি কেন্দ্র সচিব, শিক্ষক ও দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেন, পরীক্ষার সার্বিক পরিবেশ সন্তোষজনক। একটি স্বচ্ছ ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে প্রশাসন কঠোরভাবে দায়িত্ব পালন করছে।





