
ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
দেশের অন্যান্য স্থানের মতো উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে এসএসসি ও দাখিল পরীক্ষা। এতে সর্বমোট ১,০২৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব জয়সীম বড়ুয়া। তিনি আরও জানান, কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় এবং কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়—এই তিন কেন্দ্রে মোট ৯০৩ জন এসএসসি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এছাড়া দাখিল পরীক্ষায় উপজেলার একমাত্র কেন্দ্র কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসায় ১২৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রথম দিন কাপ্তাই উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান। এ সময় চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত ভিজিল্যান্স টিমের সদস্য প্রভাষক পংকজ দাশ ও প্রভাষক জনি দে কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।





