কাপ্তাইয়ে হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নে এ্যাডভোকেসি সভা ও জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাই উপজেলায় হাম-রুবেলা ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ ওমর ফারুক, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: নাঈমা ইলিয়াছ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা এবং কর্ণফুলি সরকারি কলেজ এর প্রভাষক আবু তালেব। এ্যাডভোকেসি সভায় সরকারি কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসক, নার্স, গণমাধ্যমকর্মী এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভায় শুরুতে হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা। তিনি জানান, দেশজুড়ে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকার গত ২০ এপ্রিল থেকে সারাদেশে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু করেছে। তারই ধারাবাহিকতায় কাপ্তাই উপজেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৫ হাজার ৮৭১ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা প্রথম ৮ দিন পাড়া-মহল্লায় এবং শেষ ৩ দিন বিদ্যালয়ে টিকা প্রদান করবেন। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ দিনব্যাপী টিকাদান বুথ সর্বক্ষণিক খোলা থাকবে। ইতিমধ্যে কাপ্তাই উপজেলায় ৪ জন হামের রোগী সনাক্ত হলেও তারা হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন, তাদের কাউকেই হাসপাতালে ভর্তি হতে হয়নি। হাম প্রতিরোধে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। একইদিন দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর উদ্বোধন করা হয়। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বর্নিভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ ওমর ফারুক, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: নাঈমা ইলিয়াছ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা এবং কর্ণফুলি সরকারি কলেজ এর প্রভাষক আবু তালেব। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসক, নার্স, গণমাধ্যমকর্মী এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন বলেন, সুস্থ থাকতে হলে পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি খাদ্যাভাসে পরিবর্তন আনতে হবে। সুস্থ ও সবল জাতি গঠনে সুষম খাবারের বিকল্প নেই।