
কাপ্তাই প্রতিনিধি
কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া এলাকায় গভীর রাতে একটি মুদির দোকানে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৫ এপ্রিল) ভোরের আগে কোনো এক সময় ওয়াগ্গাছড়া জোন মসজিদের পেছনে, বিজিবি ক্যাম্প চেকপোস্ট সংলগ্ন এলাকায় অবস্থিত ‘সুখী স্টোর’-এ এ ঘটনা ঘটে। দোকানের মালিক টিপলু বিশ্বাস জানান, গত ৪ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে দুইটি তালা লাগিয়ে বাসায় যান। পরদিন ৫ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে দোকানের কর্মচারী সৌরভ দে দোকান খুলে ভেতরে ঢুকে দেখে মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং ক্যাশ ড্রয়ারের তালা ভাঙা।
খবর পেয়ে দোকানের মালিক টিপলু বিশ্বাস এসে দেখেন, অজ্ঞাতনামা চোর বা চোরেরা দোকানের পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল ও নগদ অর্থ নিয়ে গেছে। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, প্যাকেট দুধ, গুঁড়া দুধ, সাবান, সেন্ট, তেল, চাউলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং ক্যাশবাক্সে থাকা নগদ টাকা। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে দাবি করেছেন দোকান মালিক। এ ঘটনায় কাপ্তাই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান রুবেল জানান, দোকান চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





