⚽ ডিসি গোল্ডকাপে কাপ্তাই উপজেলার জয়ের হাসি, বাঘাইছড়ি পরাস্ত ২–১

কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটি, ০১ এপ্রিল (বুধবার): ঐতিহ্যবাহী রাঙামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আজকের ম্যাচটি ছিল কাপ্তাই উপজেলা বনাম বাঘাইছড়ি উপজেলা। জেলার ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাসে মুখরিত পরিবেশে চিংহ্লা মং মারী স্টেডিয়াম মাঠে নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। খেলার প্রথমার্ধে ১–০ গোলে পিছিয়ে ছিল কাপ্তাই উপজেলা দল। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে টানা দুই গোল করে ২–১ ব্যবধানে বাঘাইছড়ি উপজেলাকে পরাজিত করে জয় নিশ্চিত করে কাপ্তাই। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন এবং সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো। এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সফিকুল ইসলাম, আব্দুস সবুর ও আহমেদ ফজলুর রশিদ সেলিম। কাপ্তাই উপজেলা ফুটবল দলের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও টিম ম্যানেজার দিলদার হোসেন, প্রধান কোচ হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার মোঃ আসলাম খান এবং সহকারী কোচ হিসাবে ছিলেন সাবেক ফুটবলার মোঃ জামাল উদ্দিন। কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু রোমাঞ্চকর এই জয়ে টুর্নামেন্টে কাপ্তাই উপজেলার অগ্রযাত্রা অব্যাহত থাকলো।
কাপ্তাই উপজেলা ফুটবল দল টিম ম্যানেজার দিলদার হোসেন বলেন, প্রথমার্ধে পিছিয়ে পড়লেও খেলোয়াড়রা আত্মবিশ্বাস হারায়নি। বিরতির সময় কৌশলগত কিছু পরিবর্তন আনা হয়, আর সেই পরিকল্পনাই দ্বিতীয়ার্ধে ফল দিয়েছে। দলের ছেলেরা শৃঙ্খলা, ধৈর্য এবং দলগত সমন্বয় ধরে রেখে দারুণ প্রত্যাবর্তন করেছে। তিনি আরও বলেন, এই জয় শুধু একটি ম্যাচের জয় নয়—এটি কাপ্তাই উপজেলার ক্রীড়াচেতনা ও দলীয় মনোবলের প্রতিফলন। সামনে আরও কঠিন ম্যাচ রয়েছে, তবে আজকের পারফরম্যান্স ভবিষ্যতের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। দর্শকদের সমর্থন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডিসি গোল্ডকাপ ফুবটল টুর্নামেন্টে পরপর ২বার কাপ্তাই উপজেলা দল বিজয়ী হওয়ায় সকল খেলোয়াড় এবং টিম ম্যানেজম্যান্টকে ধন্যবাদ জানান কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন।