
ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মধুছড়ি নামক স্থানে নিজ গৃহে গলায় ফাঁস দিয়ে বিশ্বজিৎ কর্মকার(৬৬) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। আজ বুধবার (১ এপ্রিল) দুপুর ১ টায় এই ঘটনা ঘটে বলে জানান ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য অমল কান্তি দে।
আত্মহননকারী বিশ্বজিৎ কর্মকার ঐ এলাকার মৃত হরে কৃষ্ণ কর্মকারের ছেলে। ইউপি সদস্য অমল কান্তি দে আরোও জানান, বিশ্বজিৎ কর্মকারের একটি মাত্র ছেলে অনেক দিন আগে চলে গেছেন, ঘরে শুধুমাত্র তাঁর সহধর্মিণী রয়েছেন। এছাড়া বছর খানেক আগে তিনি স্ট্রোক করেছেন, তিনি চোখে দেখতেন না এবং চলাচলে অক্ষম। যার ফলে তিনি মানসিকভাবে ভেঙে পড়ায় আত্মহত্যা করতে পারেন। কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আগামীকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য বিশ্বজিৎ কর্মকরারের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।





