
কিউআর কোডভিত্তিক নেটিভ ভয়েসে শুনে ইংরেজি শেখার নতুন সুযোগ
ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ-এর ইংরেজি বিভাগের প্রভাষক নুরুল আবছার রচিত ইংরেজি শেখার বই ইংলিশ বুস্টার-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। কিউআর কোডভিত্তিক নেটিভ ভয়েস শুনে শুনে ইংরেজি চর্চার কার্যকর সুযোগ সৃষ্টি করবে বইটি।
সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন কলেজের অধ্যক্ষ কমান্ডার মো. আলিফ উল্লাহ (শিক্ষা), বিএন। এ সময় তিনি বলেন, বইটিতে লিসেনিং, স্পিকিং, প্রনানসিয়েশন, প্রেজেন্টেশন, ভোকাবুলারি, গ্রামার, ডিবেটিং, অ্যাংকরিং ও আইইএলটিএস-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর দিকনির্দেশনা রয়েছে। একজন শিক্ষার্থী যদি অধ্যায়ভিত্তিক অনুশীলন করে, তাহলে ইংরেজিতে কথা বলা ও দক্ষতা অর্জনে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কলেজ শাখার কো-অর্ডিনেটর মো. কামরুল আলম, মাধ্যমিক শাখার কো-অর্ডিনেটর মো. মাহফুজুল হকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। লেখক প্রভাষক নুরুল আবছার বলেন, ইংলিশ বুস্টার একটি ব্যতিক্রমধর্মী ও আধুনিক ইংরেজি শেখার বই, যেখানে কিউআর কোড স্ক্যান করে শিক্ষার্থীরা নেটিভ ভয়েসে উচ্চারণ শুনে ইংরেজি চর্চা করতে পারবে। এটি কেবল একটি পাঠ্যবই নয়; বরং শোনা, বলা ও নিয়মিত অনুশীলনের সমন্বয়ে গড়ে ওঠা একটি পূর্ণাঙ্গ ইংলিশ লার্নিং সিস্টেম। তিনি আরও জানান, প্রতিটি লেসনের সঙ্গে সংযুক্ত কিউআর কোড স্ক্যান করে শিক্ষার্থীরা হেডফোনের মাধ্যমে সঠিক উচ্চারণ, স্বাভাবিক টোন ও বাস্তবসম্মত বাক্যপ্রয়োগ শিখতে পারবে। নিয়মিত অনুশীলনের ফলে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়বে এবং স্পোকেন ইংলিশ ও প্রেজেন্টেশন দক্ষতা উন্নত হবে। বইটিতে লিসেনিং, স্পিকিং, প্রনানসিয়েশন, প্রেজেন্টেশন, ভোকাবুলারি, গ্রামার, ডিবেটিং, অ্যাংকরিং, আইইএলটিএস স্পিকিং, ফ্রিল্যান্সিং, ইংলিশ ফর টিচার্স, ক্রিকেট ও ফুটবল কমেন্টারি, অনার্স-মাস্টার্স ও বিসিএস ভাইভা মডেলসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় সংযোজন করা হয়েছে। ফলে পরিবারে ছোট-বড় সবার জন্যই বইটি উপযোগী হবে বলে তিনি মনে করেন।





