কাপ্তাইয়ে ইটবোঝাই ট্রাক ব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগে আটকা, সড়কে যানজট

ব্যাঙছড়ি স্টিল ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা; কিছু সময় বন্ধ ছিল বড় যান চলাচল

নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই (রাঙ্গামাটি):

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি এলাকায় ইটবোঝাই একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে স্টিল ব্রিজের ধাক্কা লেগে রেলিংয়ে আটকা পড়ায় সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি মোড় স্টিল ব্রিজে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকা থেকে কাপ্তাইয়ের দিকে আসা একটি ইটবোঝাই মিনি ট্রাক ব্যাঙছড়ি মোড়ের স্টিল ব্রিজে উঠতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা দিলে আটকা পড়ে যায়। দুর্ঘটনার ফলে ব্রিজের ওপর দিয়ে বড় যানবাহনের চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। এতে করে কিছু সময়ের জন্য স্থানীয় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটকে থাকা ট্রাকটি উদ্ধারের উদ্যোগ নেয়। এ বিষয়ে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাছান রুবেল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং গাড়িটি উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা জানান, ব্যাঙছড়ি স্টিল ব্রিজটি সরু হওয়ায় প্রায়ই বড় যানবাহন চলাচলের সময় ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।