
ঝুলন দত্ত, নিজস্ব প্রতিবেদক:
সুরের মায়াবী আবেশ, তবলার বোল, লয়ের ছন্দময় অনুরণন আর শাস্ত্রীয় সংগীতের অপার্থিব মূর্ছনায় মুখরিত হতে যাচ্ছে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গন। সুর ও ছন্দের সাধনায় যিনি গড়ে তুলেছেন অসংখ্য শিক্ষার্থী, সেই পরম শ্রদ্ধেয় গুরুজী সুদেব কুমার দাশের প্রতি ভক্তিপূর্ণ শ্রদ্ধা ও কৃতজ্ঞতার অর্ঘ্য নিবেদনে আগামী ৩০ সেপ্টেম্বর বুধবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে বিশেষ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান ‘গুরুবন্দনা’। জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের সিনিয়র তবলা প্রশিক্ষক ও বেতার শিল্পী সুদেব কুমার দাশের প্রতি এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করেছে ‘গুরুজীর শিক্ষার্থীবৃন্দ ও তালতীর্থ পরিবার’। বিকেল ৫টা ২০ মিনিটে শুরু হবে গুরুবন্দনার এই সুরময় আয়োজন। গুরুর প্রতি শিষ্যের ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতার অনুভবকে সুরের ভাষায় প্রকাশ করতেই এ আয়োজন। তবলার লহড়া, শাস্ত্রীয় সংগীত, মোহনবীণার সুর, সমবেত সংগীত, নৃত্য ও দলীয় অর্কেস্ট্রার সমন্বয়ে সাজানো হয়েছে বর্ণিল সাংস্কৃতিক পর্ব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মনিরুল ইসলাম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকার উপ পরিচালক (অর্থ) ও চট্টগ্রামের সাবেক জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন, সাবেক জেলা কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার এবং চট্টগ্রামের জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আয়োজক কমিটির আহ্বায়ক ঝুলন দত্ত। অনুষ্ঠানে মোহন বীণা পরিবেশন করবেন বিখ্যাত গীটার শিল্পী দোলন কানুনগো। শাস্ত্রীয় সংগীত পরিবেশন করবেন সংগীতগুরু রাজেশ সাহা, তাঁর পুত্র ছায়ানটের উচ্চাঙ্গসংগীত শিক্ষক স্বরাজ সাহা এবং কনিষ্ঠ পুত্র জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী পৃথ্বীরাজ সাহা। তাঁদের কণ্ঠের সুরে ধ্রুপদি সংগীতের ঐতিহ্য ও সৌন্দর্য ছড়িয়ে পড়বে মিলনায়তনজুড়ে। সমবেত সংগীত পরিবেশন করবে ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ। ওড়িশি ও টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের পরিবেশনায় নৃত্য পরিচালনা করবেন দেশবরেণ্য নৃত্যশিল্পী প্রমা অবন্তী। এ ছাড়া সুরাঙ্গন বিদ্যাপীঠ ডান্স একাডেমির পরিচালনায় হিল্লোল দাশ সুমনের নির্দেশনায় পরিবেশিত হবে সমবেত নৃত্য। অনুষ্ঠানের শেষ পর্বে গুরুজীর শিক্ষার্থীবৃন্দের পরিবেশনায় দলীয় অর্কেস্ট্রা শ্রোতাদের উপহার দেবে সুরের এক মনোমুগ্ধকর আবহ।
গুরুর প্রতি শ্রদ্ধা, শিষ্যের ভালোবাসা
গুরু-শিষ্যের চিরন্তন সম্পর্কের এক অনন্য প্রকাশ এই ‘গুরুবন্দনা’। যে গুরুর স্নেহছায়ায় শিষ্যের হাতেখড়ি, যাঁর নিবিড় সান্নিধ্যে লয়-তাল ও ছন্দের সাধনায় বিকশিত হয়েছে অসংখ্য শিল্পী, সেই গুরুর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতেই এ আয়োজন।
তবলার প্রতিটি বোল, সংগীতের প্রতিটি সুর আর নৃত্যের প্রতিটি ছন্দ যেন হয়ে উঠবে গুরুর প্রতি শ্রদ্ধার নীরব ভাষা। সুরের আঙিনায় গুরুর গুণকীর্তন আর শিল্পের নান্দনিকতায় সাজানো এই সন্ধ্যা হয়ে উঠবে স্মৃতি, আবেগ ও ভালোবাসার এক অনুরণনময় মিলনমেলা।
আয়োজকদের প্রত্যাশা, সংগীতপ্রেমী ও সংস্কৃতিপ্রেমীদের আন্তরিক উপস্থিতিতে ‘গুরুবন্দনা’ হয়ে উঠবে গুরুজীর প্রতি শ্রদ্ধা নিবেদনের এক স্মরণীয় আয়োজন।





