কাপ্তাইয়ে জিপিএ-৫ পাওয়া ৪৬ শিক্ষার্থীকে সংবর্ধনা

দীপেন দেওয়ান এমপি: শিক্ষার কোনো বিকল্প নেই, মেধা ও মননে এগিয়ে প্রকৃত মানুষ হতে হবে

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাইয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কাপ্তাই উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৬ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, “কাপ্তাই উপজেলা সব দিক থেকে এগিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের শিক্ষার উন্নয়নের ব্যাপারে আন্তরিক। শিক্ষার্থীদের মেধা ও মননে এগিয়ে যেতে হবে। প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার কোনো বিকল্প নেই।”

অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ মো. আবদুল হালিমের সভাপতিত্বে এবং জাসাসের সভাপতি ও বাচিকশিল্পী নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, জিসাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহসভাপতি জাফর আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিবিএর সভাপতি বেলাল হোসেন এবং অনুষ্ঠানের সদস্যসচিব ও সাবেক ছাত্রনেতা মো. আনিছুর রহমান।

এ সময় জিসাসের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির সদস্য, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সংবর্ধিত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়া এবং তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা তাঁদের সাফল্যের স্বীকৃতি পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।