
বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান সদর হাসপাতালের সম্প্রসারণ প্রকল্পের নির্মাণকাজ চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)। তারা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সদর হাসপাতালের সার্ভিস ভবনের নির্মাণকাজে নিয়োজিত ছিলেন সাকিব ও কামরুল। কাজের একপর্যায়ে একটি লোহার অ্যাঙ্গেল ভবনের পাশ দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসে। এতে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।দুর্ঘটনার খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেন। বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী জানান, নির্মাণকাজের সময় একটি লোহার কাঠামো ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে আর্থিং হওয়ার ফলে দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। এদিকে, বান্দরবানের সিভিল সার্জন ডা. দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত কার্যক্রম শুরু করেছে।স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।





