কাপ্তাইয়ে পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা: আইনশৃঙ্খলা, বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে জোর

রিয়াজ উদ্দিন আকাশ কাপ্তাইঃ

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষ ‘কিন্নরী’তে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন এবং কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান রুবেল। এছাড়াও সভায় চন্দ্রঘোনা থানার প্রতিনিধি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও সমসাময়িক বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে পাহাড়ধস ও দুর্ঘটনা এড়াতে কাপ্তাইয়ের বিভিন্ন সড়কের পাশে থাকা ঝুঁকিপূর্ণ গাছ দ্রুত অপসারণের দাবি জানানো হয়। এ সময় কাপ্তাইয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয় এবং দ্রুত তা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। সভায় বক্তারা বাল্যবিয়েকে সমাজের জন্য বড় অভিশাপ উল্লেখ করে বলেন, “বাল্যবিয়েকে না বলুন”। বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন মহলকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। দুই দিন আগে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার প্রশ্নে দৃঢ় অবস্থান নেওয়ায় বিজিবি প্রতিনিধিকে সভায় বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। একইসঙ্গে কাপ্তাইয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) স্থাপনের দাবি পুনর্ব্যক্ত করেন বক্তারা। সম্প্রতি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের প্রসঙ্গ টেনে তারা বলেন, কাপ্তাইয়ে একটি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলে এখানকার তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে ‘মাদককে না বলুন’— এই আহ্বান জানিয়ে বক্তারা যুবসমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা এলাকায় চুরি প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্থানীয় জনগণকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। নিরাপত্তা জোরদারে ব্যক্তি উদ্যোগে বাসাবাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শও দেওয়া হয়। উপস্থিত সুধীজন ও সচেতন মহল কাপ্তাই উপজেলা প্রশাসনের এ পরিচ্ছন্নতা অভিযান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।