
ঝুলন দত্ত কাপ্তাই রাঙ্গামাটিঃ
রাঙামাটি সদর এলাকা থেকে উদ্ধার হওয়া একটি অজগর সাপ মঙ্গলবার (১৯ মে) সকালে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে বন বিভাগ। উদ্ধারকৃত সাপটির দৈর্ঘ্য প্রায় ৬ ফুট এবং ওজন প্রায় ৭ কেজি বলে জানা গেছে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের উদ্যোগে সাপটি অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন কাপ্তাইয়ের সহকারী বন সংরক্ষক মো. জামাল হোসেন ভুইঞা, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মাহামুদুল হক মুরাদ জানান, সোমবার (১৮ মে) রাত প্রায় ৯টার দিকে রাঙামাটি শহরের হ্যাপির মোড় এলাকার খাজা এন্টারপ্রাইজ নামের একটি দোকানের জানালায় প্যাঁচানো অবস্থায় অজগর সাপটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে বন বিভাগের স্পেশাল টিম ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে সদর রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসে। পরবর্তীতে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সাপটিকে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দিতে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।





