কর্ণফুলী নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে অবৈধভাবে মাছ শিকার রোধে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টার দিকে সীতা পাহাড় সংলগ্ন ও শিলছড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ এর ৫(ক) ধারা অনুযায়ী অভিযান চালানো হয়। অভিযানে নদী থেকে ৪৫০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ১২০ মিটার দৈর্ঘ্যের একটি রক জাল জব্দ করা হয়।অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা, মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারীরা এবং কাপ্তাই থানা পুলিশের সদস্যরা। পরে জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কর্ণফুলী নদীর মৎস্য সম্পদ রক্ষা, প্রাকৃতিক প্রজনন পরিবেশ বজায় রাখা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।