
ঝুলন দত্ত কাপ্তাই ( রাঙ্গামাটি)
রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যান এলাকায় একটি মহাবিপন্ন লজ্জাবতী বানর (Slow Loris) অবমুক্ত করেছে বন বিভাগ। বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের বনকর্মীরা বানরটিকে প্রাকৃতিক আবাসে ছেড়ে দেন। এসময় কর্ণফুলী রেঞ্জের ডেপুটি রেঞ্জার আবু নাঈম, বনকর্মী মিঠু তালুকদার ও ওসমান গনি উপস্থিত ছিলেন। এর আগে একই দিন দুপুর ১২টার দিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস. এম. সাজ্জাদ হোসেনের নির্দেশে রাঙামাটির বরকল উপজেলার ১৫১ নং গর্জনতলী মৌজার লোকালয় থেকে বানরটি উদ্ধার করেন বরকল রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন। পরবর্তীতে প্রাণীটির প্রাকৃতিক আবাসস্থল (Habitat) বিবেচনায় কর্ণফুলী রেঞ্জে অবমুক্ত করার জন্য হস্তান্তর করা হয়। রাত ৯টার দিকে যোগাযোগ করা হলে বরকল রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, উদ্ধারকৃত লজ্জাবতী বানরটি International Union for Conservation of Nature (IUCN) এর রেড লিস্ট অনুযায়ী Endangered (বিপন্ন) শ্রেণিভুক্ত। কাপ্তাই জাতীয় উদ্যানে এ প্রজাতির বানর মাঝেমধ্যে দেখা যায় বলেও তিনি উল্লেখ করেন। বন বিভাগ জানায়, বন্যপ্রাণীকে লোকালয় থেকে উদ্ধার করে উপযুক্ত আবাসস্থলে অবমুক্ত করা জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।





