
বিশেষ প্রতিনিধিঃ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল পার্বত্য চট্টগ্রামে চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন এবং ভবিষ্যৎ সহযোগিতা জোরদারের লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের প্রতিনিধিদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সফর করেছে। সফরে নেতৃত্ব দেন কানাডার হাইকমিশনার অজিত সিং। প্রতিনিধিদলে ঢাকায় অবস্থিত Embassy of Sweden in Dhaka, Embassy of Japan in Bangladesh, Asian Development Bank, International Labour Organization, United Nations Development Programme এবং United Nations Population Fund–এর প্রতিনিধিরা অংশ নেন। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ সরকারের জাতীয় ও স্থানীয় পর্যায়ের কর্মকর্তারা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। সফরকালে প্রতিনিধিদলটি পার্বত্য চট্টগ্রামে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কর্মসূচির প্রভাব সরাসরি পরিদর্শন করে এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করে। তারা বৈঠক করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই এবং চাকমা সার্কেল চীফ দেবাশীষ রায়–এর সঙ্গে। বৈঠকে পার্বত্য অঞ্চলের উন্নয়ন অগ্রগতি এবং ভবিষ্যতে অংশীদারদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সফর শেষে কানাডার হাইকমিশনার বলেন, ১৯৯৭ সালের শান্তি চুক্তির পরপরই কানাডা প্রথম দিকের দাতাদের মধ্যে একটি হিসেবে ১ কোটি ৫০ লাখ ডলার সহায়তা প্রদান করে। বর্তমানে পার্বত্য চট্টগ্রামে কানাডার মোট সহায়তার পরিমাণ ৬ কোটি ৫০ লাখ ডলারেরও বেশি। তিনি জানান, UNDP Bangladesh, International Labour Organization এবং United Nations Population Fund–এর সঙ্গে যৌথ উদ্যোগে দুর্গম এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বৃদ্ধি, জলবায়ু সহনশীলতা জোরদার এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিনিধিদলটি তাদের পর্যবেক্ষণে উল্লেখ করে যে, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কেবল একটি আঞ্চলিক বিষয় নয়; এটি দেশের সামগ্রিক উন্নয়ন, স্থিতিশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।





