
রিয়াজ উদ্দিন আকাশ কাপ্তাইঃ
কাপ্তাই, রাঙামাটি: মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কাপ্তাই উপজেলা কলেজ এলাকায় হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে একটি বিশাল গাছ উপড়ে পড়ে দুটি বসতঘর ভেঙে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কর্ণফুলী কলেজ-এর দপ্তরি রহমত আলী, যিনি বর্তমানে এলপিআর (অবসর পূর্বকালীন ছুটি) অবস্থায় রয়েছেন। তার ঘরটি গাছের নিচে চাপা পড়ে থাকতে দেখা যায়। একই সময়ে আবুল বশর নামের আরেক বাসিন্দার ঘরের ওপরও গাছের অংশবিশেষ পড়ে ক্ষয়ক্ষতি হয়।
ঘটনার খবর পেয়ে মোঃ রুহুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন। এ সময় তিনি ঝুঁকিপূর্ণ গাছ কাটার নির্দেশ দেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য শুকনো খাবারের ব্যবস্থা করে দেন। এইদিকে খবর পেয়ে চন্দ্রঘোনা ইউপি সদস্য হাসেম মেম্বার ঘটনাস্থলে গিয়ে খবরাখবর নিয়ে সহযোগিতা করেন।
এদিকে কাপ্তাই উপজেলার আরও কয়েকটি স্থানে ঝড়ে গাছ পড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে কলেজ কর্তৃপক্ষকে ঝুঁকিপূর্ণ গাছগুলোর বিষয়ে অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সময়মতো ব্যবস্থা নিলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যেত বলেও তারা মন্তব্য করেন। প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।





