
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের র জঙ্গল সলিমপুর এলাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী মো. আবুল কাশেম ওরফে ‘নলা কাসেম’-কে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে বিশেষ অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়। অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনা করে র একটি চৌকস দল। অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) । পুলিশের উপস্থিতি টের পেয়ে নলা কাসেম পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি লোডেড বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, নলা কাসেম দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর, আকবরশাহ, ভাটিয়ারী, কুমিরা ও আশপাশের পাহাড়ি এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল, পাহাড় কাটা, আধিপত্য বিস্তার, ভয়ভীতি প্রদর্শন এবং অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও বসতবাড়ির মালিকদের কাছ থেকেও নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বিভিন্ন সময় সহিংসতা, হামলা, অবৈধ দখল ও অস্ত্র প্রদর্শনের ঘটনায়ও তার নাম উঠে এসেছে। তাকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন গোপনে নজরদারি চালানো হচ্ছিল। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নলা কাসেম কথিত সন্ত্রাসী নেতা রোকন মেম্বারের ঘনিষ্ঠ সহযোগী এবং ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, রোকন মেম্বারের নেতৃত্বাধীন একটি অস্ত্রধারী চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করতেন তিনি। এলাকাবাসীর দাবি, ওই চক্রে বিপুল সংখ্যক সশস্ত্র সদস্য জড়িত। ওসি মো. মহিনুল ইসলাম বলেন, “অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সীতাকুণ্ডকে সন্ত্রাস, অস্ত্র ও চাঁদাবাজিমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, সহযোগীদের পরিচয় এবং চক্রটির নেপথ্যে কারা রয়েছে—এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ ও তদন্ত শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে রোকন মেম্বার চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান জোরদার করা হয়েছে।





