
স্বরবৃত্ত নান্দনিক আবৃত্তি অঙ্গনের ব্যতিক্রমী আয়োজন
ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
কবিতা, ছন্দ ও নৃত্যের অপূর্ব মেলবন্ধনে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। প্রকৃতির রূপ ও ঋতু পরিবর্তনের আবহে কবিতা ও নৃত্য যেন একাকার হয়ে যায়। বৈশাখের প্রখর রোদ আর খরার তীব্রতায় যখন ধরণী তৃষ্ণার্ত, ঠিক তখনই কবিতার রসধারা আস্বাদনে দর্শকদের মনে অনাবিল আনন্দ জাগান আবৃত্তিশিল্পীরা। পাশাপাশি ক্ষুদে নৃত্যশিল্পীদের পরিবেশনায় ছড়িয়ে পড়ে মুগ্ধতার আবেশ। শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় একক ও বৃন্দ আবৃত্তি, কথামালা এবং নৃত্যানুষ্ঠান। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। উদ্বোধনী পর্বকে আরও প্রাণবন্ত করে তোলেন বাংলাদেশের প্রখ্যাত ঢোলবাদক শিবু জলদাস তাঁর অনবদ্য ঢোলবাদনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ এম. জাহাঙ্গীর আলম। সঞ্চালনায় ছিলেন স্বরবৃত্ত নান্দনিক আবৃত্তি অঙ্গনের পরিচালক বাচিকশিল্পী তামান্না ইসলাম এবং কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেপিএম লিমিটেডের মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) আবদুল্লাহ আল মামুন, কাপ্তাই ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, কাপ্তাই খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, ‘রূপসী কাপ্তাই’-এর সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, নাট্যজন মোজাহেরুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী বাবু, নুর মোহাম্মদ বাবু, সঙ্গীতা দত্ত এনি, রওশন শরীফ তানি প্রমুখ। উদ্বোধনী পর্ব শেষে শুরু হয় আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান। বাচিকশিল্পী তামান্না ইসলামের গ্রন্থনা ও নির্দেশনায় স্বরবৃত্ত নান্দনিক আবৃত্তি অঙ্গনের শিক্ষার্থীরা সমবেত আবৃত্তি পরিবেশন করেন। অংশ নেন সৌমি সাহা, সৃজিতা দত্ত, শালোমী বিশ্বাস আস্থা, জাগৃতি সাহা, থোয়াই সুই চিং মারমা, অজিতাভ মহাজন, অভিয়ান মহাজন, ফাওজিয়া আলম ও ফাইয়াজ আলম।একক আবৃত্তি পরিবেশন করেন নাট্যজন আবদুল্লাহ আল মামুন, চট্টগ্রামের ‘প্রমা’ আবৃত্তি সংগঠনের শিল্পী ইব্রাহীম খলিল মাসুদ, এ.টি.এম সাইফুর রহমান, নাজমুল আলম সাদেকী ও ডা. সুমিষ্টা বড়ুয়া। আবহসঙ্গীতে ছিলেন ঝুলন দত্ত। আবৃত্তির ফাঁকে ফাঁকে নৃত্য প্রশিক্ষক সঙ্গীতা দত্ত এনির পরিচালনায় একঝাঁক ক্ষুদে নৃত্যশিল্পী সমবেত নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।





